শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়িবহরে অতর্কিত হামলার অভিযোগে বিএনপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ইকু হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়েছে। মামলার বাদী মাসুদ রানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের বাফলার বিল মাস্টারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নির্দেশে একদল দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।
হামলায় আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৫-০৭৮৮, নিশান এক্সট্রেইল) ভাঙচুর করা হয়। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি তার সফরসঙ্গীদের উপর এলোপাতাড়ি মারধর করা হলে অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ৩০-৪০টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির বহর নিয়ে হামলায় অংশ নেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. সফিকুল ইসলাম, মো. বিপ্লব, মো. সোহেলসহ স্থানীয় আরও অনেকে ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, এই হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। এটা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটা পুরো গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নির্বাচনী মাঠে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি
দাবি করে তিনি তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গতরাতে ওই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে দাবি করা হয়েছে, জাপা প্রার্থী গাড়িতে করে কালো টাকা ও অস্ত্র নিয়ে যাচ্ছিল। এটা বুঝতে পেয়ে বিএনপি নেতাকর্মীরা গাড়িসহ আলহাজ্ব সিদ্দিকুল আলমকে আটকায়। এসময় তল্লাশিকালে একজন কালো পলিথিনে মোড়ানো টাকা ও অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে