নিজস্ব প্রতিবেদক
সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান মন্ত্রী। সফরের দ্বিতীয় দিন সকালে তিনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
লক্ষ্মীপুর জেলার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা দূরীকরণে নতুন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য আমরা একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছি। এর আওতায় ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দুঃখ ও ভোগান্তি লাঘব হবে।
নদী ভাঙন ও খাল খনন প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন রোধে ইতিমধ্যে ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে ব্যাপক হারে খাল খনন করা হবে। খুব শিগগিরই এই কর্মসূচি শুরু হবে এবং লক্ষ্মীপুর জেলাকে এর অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।
এর আগে সকালে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।