আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থান ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিকে লক্ষ্য করে ছোঁড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতি কর্মকর্তারা বলছেন, কেবল সাময়িক যুদ্ধবিরতি এই সংকটের সমাধান নয়। বরং ইরানের সামগ্রিক হুমকি মোকাবিলায় একটি ‘চূড়ান্ত ফলাফল’ অর্জন করা জরুরি।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল-ওতাইবা প্রভাবশালী সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এ লেখা এক নিবন্ধে এই কঠোর বার্তা দিয়েছেন। তিনি যুদ্ধের নেপথ্য কারণ বা সূত্রপাত নিয়ে নীরব থাকলেও পুরো পরিস্থিতির দায় ইরানের ওপর চাপিয়েছেন। ওতাইবা উল্লেখ করেন, ইরান আমিরাতের দিকে ২,১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।
তার মতে, সামরিক অভিযান এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যা ইরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি, সশস্ত্র প্রক্সি গোষ্ঠী এবং আন্তর্জাতিক সমুদ্রপথে তাদের প্রভাবকে পুরোপুরি নির্মূল করবে। তিনি আমিরাতকে এই যুদ্ধের সম্মুখ সারিতে থাকা দেশ হিসেবে চিত্রায়িত করে সামরিক তৎপরতা অব্যাহত রাখার পক্ষে জোরালো সওয়াল করেন।
২০২০ সালে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর থেকে আবুধাবি তেল আবিবের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে। তবে এই অবস্থান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে সৌদি আরবের রাজদরবার সংশ্লিষ্ট কোনো কোনো বিশ্লেষক আমিরাতকে আরব বিশ্বে ‘ইসরায়েলের ট্রোজান হর্স’ হিসেবে অভিহিত করেছেন।
তেহরান পলিটেকনিক ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা দাবি করেছেন, আমিরাতের মাটিতে কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং ইসরায়েলি ঘাঁটির উপস্থিতিও দেশটিকে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এদিকে আমিরাতের ওপর ইরানি হামলার ঘটনায় আরব লিগ এবং ওআইসি-র নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন একটি আরব দেশ বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসনের শিকার হচ্ছে, তখন আঞ্চলিক সংস্থাগুলোর এই অনুপস্থিতি মেনে নেওয়া যায় না। তিনি সতর্ক করে দেন যে, সংকটে পাশে না দাঁড়িয়ে পরবর্তীতে এই অঞ্চলে পশ্চিমা প্রভাব বৃদ্ধি নিয়ে সমালোচনা করা অর্থহীন।
যুদ্ধের ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি থাকলেও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী আবুধাবি। ওতাইবা জানিয়েছেন, আমিরাত যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তার মতে, আমেরিকার সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা উভয় দেশের শক্তি বৃদ্ধি করবে।
বিশ্লেষকরা মনে করছেন, ওতাইবার এই নিবন্ধ এবং আমিরাতি কর্মকর্তাদের বক্তব্য মূলত আরব দেশগুলোর দীর্ঘদিনের প্রচলিত অবস্থান থেকে আবুধাবির সরে আসার এক স্পষ্ট ইঙ্গিত। ইরান ইস্যুতে এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।