নিজস্ব প্রতিবেদক:
পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান সময়ে অপতথ্য মোকাবিলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা ‘চতুর্থ স্তম্ভ’ গড়ে তোলা সময়ের দাবি।
গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ প্যানেল আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এবং কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান।
প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলার নানাবিধ চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত করে জনগণকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে অবাধ তথ্যপ্রবাহের অধিকার রক্ষা এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের মধ্যে একটি কার্যকর সমন্বয় সাধন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
মন্ত্রী তার বক্তব্যে একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান, যেখানে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর ও সমস্যাগুলো যথাযথভাবে প্রতিফলিত হবে। তিনি মনে করেন, একটি নতুন ও যুগোপযোগী ফ্রেমওয়ার্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভূত ডিজিটাল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাষ্ট্রগুলোকে দিকনির্দেশনা দেবে।
এই গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় আরও অংশ নেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগরুলোগলু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যবিষয়ক উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইস্কাকভ।