নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে সংসদীয় কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় সংসদ সচিবালয়ের লেভেল-২ এ অবস্থিত ক্যাবিনেট কক্ষে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন সংসদের অধীনে এটিই প্রথম কোনো সংসদীয় কমিটির বৈঠক। ফলে এই সভায় কমিটির আগামী দিনের কর্মপন্থা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কমিটির বৈঠকের পাশাপাশি আজ বিকাল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এক পৃথক সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৈঠকে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, নতুন আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে নানা প্রস্তুতি নিচ্ছিল সংসদ সচিবালয়। কর্মকর্তারা মনে করছেন, আজকের এই ধারাবাহিক বৈঠকগুলো সংসদের নিয়মিত সংসদীয় কার্যক্রমকে প্রাণবন্ত ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ কমিটির এই বৈঠকের মধ্য দিয়েই সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।