নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তেহরানসহ সংশ্লিষ্ট মিশনগুলো ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যেও আইওএম-এর সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে ১৮৬ জনকে উদ্ধার করে দেশে আনা সম্ভব হয়েছে। তবে চলমান এই সংঘাতের কবলে পড়ে দুর্ভাগ্যবশত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে তিনি সংসদকে অবহিত করেন। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিদের বিষয়েও প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশে জ্বালানি সংকট নিয়ে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্ট জানিয়ে দেন যে, বর্তমানে বাংলাদেশে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং উৎসের বৈচিত্র্য বাড়াতে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন। কেবল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর না করে বিকল্প বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নিরলস কাজ করে যাচ্ছে এবং এতে সফল হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যেখানেই বাংলাদেশিরা সংকটে পড়বেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। যুদ্ধকবলিত এলাকায় প্রবাসীরা অনেক সময় নিজেদের অবস্থান ও ঝুঁকি বুঝতে পারেন না, এমন পরিস্থিতিতেও সরকার তাদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। এছাড়া দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও উৎপাদন বজায় রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।