নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
বক্তব্য চলাকালীন দুলু সমসাময়িক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন উল্লেখ করে বলেন, সম্প্রতি ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে অত্যন্ত স্পর্শকাতর ও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ১৭ থেকে ২০ মার্চের মধ্যে ইলিয়াস আলীকে তুলে নিয়ে র্যাব-১ এর সদর দপ্তরে রাখা এবং পরবর্তীতে তাকে হত্যা করে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনাকে তিনি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেন।
সাবেক এই সংসদ সদস্য ইলিয়াস আলীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সহকর্মী হিসেবে উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির সাথে এমন নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল।
তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগোচরে এমন জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হওয়া অসম্ভব। তিনি অভিযোগ করেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও সন্তানরা যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি তাদের আশ্বস্ত করেছিলেন। অথচ পর্দার আড়ালে পুরো বিষয়টি ছিল ভিন্ন।
অ্যাডভোকেট দুলু আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি বন্ধে এই বিচার কার্যকর করা সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।