নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও কৃত্রিম সংকট রোধে বড় ধরনের সাফল্য পেয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। অভিযানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মজুত করে রাখা ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
জ্বালানি বিভাগ জানায়, দেশের বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এই কার্যক্রম চালানো হয়েছে। মূলত অবৈধ মজুদদারী, পাচার এবং সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধ করতেই মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের তদারকি জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালীন নিয়মিত তদারকির মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষা ও জনভোগান্তি কমাতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।