নিজস্ব প্রতিবেদক:
দেশের সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবীর জীবনযাত্রার মান বিবেচনায় দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ এপ্রিল) দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো চূড়ান্ত হয়নি। অথচ গত এক দশকে মুদ্রাস্ফীতি ৫০ শতাংশ ছাড়িয়েছে এবং নিত্যপণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের সরকারি চাকরিজীবীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এনসিপি জানায়, চাকরিজীবীদের দাবির মুখে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে প্রায় ১৪৮টি সভা শেষে গত ২১ জানুয়ারি কমিশন তাদের প্রস্তাব জমা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, যা অত্যন্ত অনভিপ্রেত।
এদিকে, সরকারি চাকরিজীবীদের এই ন্যায়সঙ্গত অধিকার আদায়ে জাতীয় সংসদেও সরব হয়েছে দলটি। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, সাধারণত বাজারমূল্যের সাথে সমন্বয় করে প্রতি ৫ থেকে ৬ বছর অন্তর বেতন কাঠামো সংস্কারের নিয়ম থাকলেও ১১ বছর অতিবাহিত হওয়া কাম্য নয়। জনস্বার্থ ও পেশাজীবীদের অধিকার রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।