অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের তিন দেশে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে একটি কৌশলগত সেতু এবং স্টিল কারখানায় সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সেনাবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ইরানের ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কমপ্লেক্স এবং কারাজের 'বি-১' সেতুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত হানা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল থেকে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক সরঞ্জাম, রসদ এবং আবাসন গুদামগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়। একই সময়ে কুয়েতের আরিফজান ক্যাম্পে মোতায়েন করা মার্কিন সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থানেও সফলভাবে আঘাত হেনেছে ইরানি বাহিনী।
এছাড়া বাহরাইনে অবস্থিত দেশটির বৃহত্তম অ্যালুমিনিয়াম গলন কারখানায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, এই কারখানাটি সরাসরি মার্কিন সামরিক শিল্পে কাঁচামাল ও সহায়তা সরবরাহ করে আসছিল।
ইরানি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের জাতীয় অবকাঠামোর ওপর যেকোনো ধরণের আঘাতের সমুচিত জবাব দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই ত্রিদেশীয় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরান তাদের কঠোর অবস্থান জানান দিল।