নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দলের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং কাউন্সিলের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কাউন্সিলের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নতুন কাউন্সিল আয়োজনের এই উদ্যোগকে ঘিরে দলটির ভেতরে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। দলের চেইন অফ কমান্ড বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব পুনর্গঠন নিয়েও সভায় আলোচনা হয়।
স্থায়ী কমিটির এই সভায় অধিকাংশ সদস্য সশরীরে উপস্থিত ছিলেন এবং কয়েকজন সদস্য ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত প্রদান করেন। কাউন্সিলের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব ও গতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।