নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে একটি অস্থির সময় পার করছে। বিদ্যমান জ্বালানি সংকট অর্থনীতি ও জনজীবনের ওপর যে বিশাল চাপ তৈরি করছে, তা নিরসনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোর পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এবং পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের তালিকায় রাখার ওপর তিনি জোর দেন।
দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে একটি ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সাথে দেশের সংযোগ আরও দৃঢ় করা।
প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, বর্তমান উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই তরুণ উদ্যোক্তাদের পেশাদার সক্ষমতা বৃদ্ধি এবং এসএমই খাতে উদ্ভাবনী চিন্তা জোরদার করা অত্যন্ত জরুরি। সংকট কাটিয়ে উঠতে তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান সমন্বয় কাঠামোগুলোকে আধুনিক করার প্রস্তাব দেন।