আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে চলমান সামরিক সংঘাতে ভয়াবহ মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি এবং দেশটির জরুরি বিভাগ সোমবার (১৩ এপ্রিল) এসব ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, হামলার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭১১টি প্রযুক্তিগত উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৯৬০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
সংঘাতের ফলে দেশজুড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ আবাসিক ভবন এবং ২৪ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। অনেক ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, যা হাজার হাজার মানুষকে গৃহহীন করে তুলেছে। সংস্থাটি জানিয়েছে, এসব হামলার প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে, যা পরবর্তীতে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
মানবিক বিপর্যয়ের এই সময়েও বাদ যায়নি চিকিৎসাকেন্দ্রগুলো। দেশের অন্তত ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা ইউনিট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হলেও অনেক কেন্দ্র পুনরায় চালু করার চেষ্টা চলছে।
এদিকে ইরানের জরুরি সংস্থার প্রধান মাজিদ মিয়াদফার নিহতের সংখ্যা নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ২৫৮ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২২১ জন কিশোর-কিশোরী রয়েছে। নিহতদের তালিকায় ১৮ জন এমন শিশুও রয়েছে যাদের বয়স পাঁচ বছরের কম।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনীও পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও ইসরায়েলি অবস্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে।