আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বন্দরগুলোতে সম্ভাব্য নৌ-অবরোধে সামরিকভাবে অংশ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী আলবানিজ জানান, এ ধরনের কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি এবং ভবিষ্যতে এমন কোনো অনুরোধ আসবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট করে তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।
এদিকে, অস্ট্রেলিয়ার জাতীয় সম্পদবিষয়ক মন্ত্রী ম্যাডেলিন কিং হরমুজ প্রণালী অবরোধের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তেজনা কমানো যেখানে অত্যন্ত জরুরি, সেখানে এ ধরনের কঠোর ব্যবস্থা কাম্য নয়।
ম্যাডেলিন কিং আরও উল্লেখ করেন, নৌ-অবরোধ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে। এই সংকট নিরসনে অস্ট্রেলিয়া সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য উৎসাহিত করার মাধ্যমে।