নিজস্ব প্রতিবেদক:
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ প্রকৃত কৃষকের হাতে পর্যায়ক্রমে বিশেষ ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষক কার্ড বিতরণের মাধ্যমে কৃষি খাতে সরাসরি সহায়তা প্রদান এবং কৃষকদের সঠিক ডাটাবেজ নিশ্চিত করা হবে। উদ্বোধনী দিনে প্রতীকীভাবে ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত দেশের সকল কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।
কৃষিঋণ মওকুফ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম এক সপ্তাহের মধ্যেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া ঋণ মওকুফ করেছে। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের এই পরিমাণ ঋণ ছিল, তারা সবাই এই সুবিধার আওতায় এসেছেন। এর ফলে সারা দেশের প্রায় ১২ লাখ কৃষক আর্থিকভাবে উপকৃত হয়েছেন।
টাঙ্গাইলের এই জনসভায় প্রধানমন্ত্রী দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সরকারি প্রণোদনা সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।