নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দিয়ে গত দুটি সরকার যে 'জীবনবিনাশী ব্যর্থতা' দেখিয়েছে, তা একটি ক্ষমাহীন অপরাধ। তিনি দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহির আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্যসেবাকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, শহর ও গ্রামের স্বাস্থ্য বৈষম্য দূর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে সরকার ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানের স্বাস্থ্যসেবাই ভবিষ্যতের বিনিয়োগ। যুক্তরাজ্যের এনএইচএস-এর আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করায় পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে। হামের কারণে যেসব মা-বাবা তাঁদের সন্তান হারিয়েছেন, তাঁদের প্রতি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ব্যবহারের মাধ্যমে রোগীদের আস্থা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ের ছয়জন চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে, দেশে চলমান হামের পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)। গতকাল ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, হামের বর্তমান বিস্তার জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতির পর্যায়ে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা জানান, হামের সংক্রমণ করোনার চেয়েও দ্রুত ছড়ায়। বর্তমান সংকট মোকাবিলায় প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং আক্রান্ত শিশুদের পুষ্টি ও পরবর্তী জটিলতা রোধে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কর্মসূচিতে স্থবিরতা থাকায় বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।