নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সাশ্রয় বৃদ্ধিতে দ্বিতীয় একটি তেল শোধনাগার বা রিফাইনারি স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান তার বক্তব্যে দেশের জ্বালানি খাতের বর্তমান সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো তেল শোধনাগার নির্মিত হয়নি। বর্তমানে একমাত্র ইস্টার্ন রিফাইনারি দেশের মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে প্রয়োজনীয় জ্বালানির সিংহভাগই পরিশোধিত অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। জাতীয় স্বার্থে এবং জ্বালানি খরচ কমাতে নিজস্ব শোধন সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী ফেলোদের অভিনন্দন জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এবারের কোর্সে সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এই কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠনে অত্যন্ত সহায়ক হবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এনডিসি’র সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।