নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে জাতীয় সংসদের সদস্যদের জন্য দীর্ঘদিনের বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৩ সাল থেকে সংসদ সদস্যরা এই সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক ও নাগরিক সেবা নিশ্চিত করতে এলাকাটিকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অধীনে থাকা প্রকল্পের অংশগুলো এখন থেকে ঢাকা জেলার সীমানাভুক্ত হবে। একই সঙ্গে এই মেগা প্রকল্প এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে দক্ষ জনবল নিয়োগের বাধা দূর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে। বিএসইসি আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। ইতিপূর্বে এই বয়সসীমা ছিল যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নির্ধারিত তারিখ অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালন করা হবে। ভারত, চীন ও শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।