ঢাকার ধামরাই বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার পর ক্যাশবাক্স ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাই বাজারে অবস্থিত ইমরান অয়েল মিল নামের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৩ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। তারা ব্যবসায়ী রেজাউলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
একপর্যায়ে হামলাকারীরা ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা ও ব্যবসায়ীর ব্যবহৃত একটি দামী স্মার্টফোন লুটে নেয়। এছাড়া তারা দোকানের চেয়ার-টেবিল, সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে হামলাকারীরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে তিনি ধামরাই থানায় গিয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নাম উল্লেখ করা আসামিরা হলেন— শাহরিয়ার ইমন (২৫), সারজিল (২০), মশিউর (৩৭), আলীম (৩৬) ও আসাদুল (৩০)।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।