
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে জুলাই যোদ্ধা ক্রেস্ট বিতরণ, সংবর্ধনা ও আলোচনা সভা।অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের মাহাত্ম্য স্মরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুনটু, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন এবং দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা রক্ষা এবং দেশে গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। জুলাইয়ের আহত যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গেজেটে অন্তর্ভুক্ত উপজেলার আহত বীর যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।