মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের গাছ বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি উদ্যোগে রোপণ ও বিতরণের জন্য বরাদ্দকৃত গাছ উপকারভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ ও বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপণ এবং দরিদ্র কৃষকদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে নানা প্রজাতির গাছ বরাদ্দ করা হয়েছিল নিয়ম অনুযায়ী এসব গাছ নির্ধারিত উপকারভোগীদের পাওয়ার কথা থাকলেও চেয়ারম্যান তা না করে গোপনে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় সরকারি সম্পদের অপব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, অতি দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। সরকারি বরাদ্দের এসব গাছ কোথায়, কীভাবে এবং কার নির্দেশে বিক্রি করা হলো—তা খতিয়ে দেখে এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে দ্রুত তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।