মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় সমেতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি রোধকল্পে এক বর্ণাঢ্য ও জনবহুল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনের প্রত্যয়ে আয়োজিত এ সভায় স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, দৌলতপুর তথা মানিকগঞ্জের মাটিতে কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যারা লুণ্ঠন করতে চায় কিংবা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিগত দিনে যারা ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, তাদের দিন শেষ। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে খেলাধুলা, পড়াশোনা এবং গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমেতপুর গ্রামকে একটি আদর্শ ও মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে মাদক এবং চাঁদাবাজির মতো সামাজিক ক্যানসার দূর করতে হবে। গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে যেকোনো মূল্যে অপরাধের মূলোৎপাটন করার ঘোষণা দেওয়া হয়।
সভার শেষ পর্যায়ে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।