টানা পাঁচ ম্যাচে জয়বর্জিত থাকা এবং চারটিতেই পরাজয়ের চরম ব্যর্থতার পর বড়সড় পরিবর্তন আনল মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে অব্যাহতি দিয়ে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে।
বৃহস্পতিবার ক্লাবটির পক্ষ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী ওয়ার্ক পারমিট হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডাগআউটের দায়িত্ব নিতে পারছেন না কিলি গঞ্জালেস। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগপর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যাবেন বিদায়ী কোচ হয়োস।
কোচিং ক্যারিয়ারে এর আগে রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সানতা ফে) এবং প্লাতেনসের মতো ক্লাবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে কিলি গঞ্জালেসের। খেলোয়াড়ি জীবনে ভ্যালেন্সিয়া, জারাগোজা ও ইন্টার মিলানের মতো ইউরোপিয়ান জায়ান্টদের হয়ে মাঠ মাতানো এই মিডফিল্ডার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতেও দীর্ঘদিন খেলেছেন। বিশেষ করে, ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বর্তমান মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ হিসেবে মাঠ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
চলতি মৌসুমে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মিয়ামি। গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া হয়োস পরবর্তীতে স্থায়ী কোচ হন। তার অধীনে প্রথম ৮ ম্যাচে ২৬ গোল নিয়ে দুর্দান্ত শুরু পেলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে বড় ধাক্কা খায় দলটি। দলের এই সংকটময় সময়ে পরিবর্তন আনতে বাধ্য হলো ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে শুধুমাত্র কোচ বদলেই থেমে নেই মিয়ামি। স্কোয়াডের শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় ভেড়ানোর প্রক্রিয়ায় বড় অগ্রগতি এনেছে তারা। ব্রাজিলের শীর্ষ ক্লাব পালমেইরাসের ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে নিজেদের ক্লাবে ভিড়াতে চূড়ান্ত চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছে মার্কিন ক্লাবটি।