আসন্ন জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২৩তম বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে অভিন্ন আগ্রহ ব্যক্ত করা হয়। আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে তুরস্কে অনুষ্ঠেয় এই জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অংশ নেবেন।