
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রেজারের পাইপসহ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের দায়ে নান্নু মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার জিয়নপুর, আবুডাঙ্গা, মান্দাতার ও বানিয়াঘোনা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকারের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী ও সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে চিহ্নিত এলাকাগুলোতে অভিযান চালানো হয়। সে সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত নান্নু মিয়ার বিরুদ্ধে একটি মামলা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নদীভাঙন রোধ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।