
মানিকগঞ্জের দৌলতপুরে নদীবেষ্টিত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং দেশে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৫ জন প্রান্তিক খামারির মাঝে বিনামূল্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রতিটি সুফলভোগী খামারির হাতে ১টি করে বকনা বাছুর এবং ৫০ কেজি করে পশুখাদ্য তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির, প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুর রহিম এবং মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মুজিবুর রহমান।
বক্তারা বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিদের ভাগ্যোন্নয়নে প্রাণিসম্পদ খাতের এই সমন্বিত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে। আলোচনার পর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রান্তিক খামারিদের হাতে বকনা বাছুর ও পশুখাদ্যের ব্যাগ তুলে দেন।