
সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত অধিকার রক্ষা এবং এলাকার মানুষের কণ্ঠস্বর জোরালো করার দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘দৌলতপুর মডেল প্রেস ক্লাব’। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সদ্য প্রতিষ্ঠিত এই সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ ইং তারিখে আয়োজিত জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও কেক উড়িয়ে নতুন ক্লাবের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্না কবিরের বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মো. লোকমান হোসেন।
উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। দৌলতপুর উপজেলার অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে দৌলতপুর মডেল প্রেস ক্লাব সর্বদা সোচ্চার ও অগ্রণী ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত এই প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।