
রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) থেকে আনসার বাহিনীর নামে বরাদ্দকৃত সরকারি চাল পরিবহন ও বিক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগে সাতটি ট্রাক আটকের ঘটনায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞার নির্দেশনা এবং মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দৃষ্টি আকর্ষণের পর শিবালয় থানা পুলিশ পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ছয়টি ট্রাক জব্দ করে।
তবে ট্রাক জব্দ ও পরবর্তী কার্যক্রম ঘিরে জব্দ তালিকার স্বচ্ছতা, একটি ট্রাকের অনুপস্থিতি এবং দুই দিন থানায় আটকে রাখার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যশস্য স্থানান্তর ও বিক্রয়সংক্রান্ত কাগজপত্রে অসংগতির তথ্য ও প্রমাণাদি সাংবাদিকদের পক্ষ থেকে প্রথমে মানিকগঞ্জ জেলা প্রশাসক এবং পরবর্তীতে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নজরে আনা হয়।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিভাগীয় কমিশনার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনা ও সংসদ সদস্যের তৎপরতার পর শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ পাটুরিয়া ফেরিঘাটের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক আটক করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর জব্দ তালিকা তৈরির পদ্ধতি ও সময়কাল নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, রাতে জব্দ তালিকা প্রস্তুত করার সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না এবং তাঁদের না জানিয়েই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
এ বিষয়ে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি জব্দকৃত চালগুলোকে আনুষ্ঠানিকভাবে অবৈধ হিসেবে ঘোষণা না করা সত্ত্বেও ট্রাকগুলো দুই দিন থানায় আটকে রাখার বিষয়টি নিয়েও জনমনে কৌতূহল তৈরি হয়েছে। মালামালের বৈধতা ও জব্দ করার আইনি প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ তথ্যের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা যায়, গত ২৫ নভেম্বর তেজগাঁও সিএসডি থেকে সাতটি ট্রাকে সরকারি চাল বোঝাই করা হলে স্থানীয় বাসিন্দারা কাগজপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাকগুলো আটকে দেন। ২৫ নভেম্বর রাত থেকে ২৬ নভেম্বর বিকেল পর্যন্ত ট্রাকগুলো গোডাউন এলাকায় থাকার পর বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়।
সাভারের আমিনবাজারের শারিপুর এলাকায় সাংবাদিকদের একটি দল ট্রাকগুলো থামিয়ে বৈধ বিক্রয় রসিদ ও পরিবহন চালান দেখতে চায়। সে সময় নাজিম নামের এক ট্রাকচালক ফোনে যোগাযোগ করলে আনসারের নিজস্ব গাড়িতে ৬ থেকে ৭ জন সদস্য ঘটনাস্থলে এসে একটি ‘ডিউ পেপার’ দেখান। তবে ওই কাগজে কুষ্টিয়ার সুনির্দিষ্ট ঠিকানা না থাকা, একই কাগজে একাধিক ব্যক্তির স্বাক্ষর এবং বিক্রয় রসিদ না থাকায় কাগজপত্রের অসংগতি নিয়ে প্রশ্ন ওঠে।
একপর্যায়ে আনসার সদস্যরা ট্রাকগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই সাতটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের আর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনার ভিডিও ফুটেজ ও কল রেকর্ড সংরক্ষিত থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। পরবর্তীতে বাকি ছয়টি ট্রাক পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছালে সাংবাদিকরা সেগুলো আটকে পুলিশকে অবহিত করেন।

পুরো ঘটনাপ্রবাহের সুষ্ঠু নিষ্পত্তির স্বার্থে কয়েকটি বিষয় তদন্তের আওতায় আনার দাবি উঠেছে:
১. আনসারের নামে বরাদ্দকৃত সরকারি চালের প্রকৃত ক্রেতা কে এবং তা নির্ধারিত নিয়ম মেনে বিক্রি করা হয়েছিল কি না?
২. বিক্রয় ও কুষ্টিয়ায় পরিবহনের বৈধ অনুমোদনপত্র কোথায় এবং একই ডিউ পেপারে একাধিক ব্যক্তির স্বাক্ষরের কারণ কী?
৩. সাতটি ট্রাকের মধ্যে নিখোঁজ হওয়া একটি ট্রাক ও এর মালামাল কোথায় গেছে?
৪. ২৫ ও ২৬ নভেম্বর তেজগাঁও সিএসডিতে কী ঘটেছিল এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা আছে কি না?
৫. জব্দ তালিকা তৈরির প্রক্রিয়া এবং দুই দিন ট্রাক আটকে রাখার আইনি ও প্রশাসনিক প্রেক্ষাপট কী?
এসব বিষয় স্পষ্ট করতে তেজগাঁও সিএসডি গোডাউনের ২৫ ও ২৬ নভেম্বরের সিসিটিভি ফুটেজ, আমিনবাজার এলাকার ভিডিও এবং পাটুরিয়া ফেরিঘাটের টোল প্লাজার ডিজিটাল রেকর্ড যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার ও প্রেস সোসাইটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আবুল হোসেন এলএলবি বলেন, সরকারি খাদ্যশস্য জনগণের সম্পদ। আইনবহির্ভূতভাবে এই সম্পদ বিক্রি বা স্থানান্তরের সঙ্গে কেউ জড়িত থাকলে তার পরিচয় যা-ই হোক, প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও ন্যায়বিচারের স্বার্থে সিএসডির সিসিটিভি ফুটেজ, ডিউ পেপার, টোল প্লাজার রেকর্ড এবং জব্দ প্রক্রিয়ার প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। প্রকৃত দোষীদের চিহ্নিত করার পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
বিভাগীয় কমিশনারের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের।