রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, জিয়ার মাজারে তারেক রহমানের শ্রদ্ধা
- প্রকাশ : ১২:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০২ বার পাঠিত

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে থাকা দলীয় ও জাতীয় পতাকা, এবং নানা রঙের ব্যানার-ফেস্টুনে পুরো জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অংশ নেওয়ায় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জমায়েতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জিয়া উদ্যান এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে সকাল ৯টার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা জিয়া উদ্যানে উপস্থিত হন। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।



















