মাদক ও সন্ত্রাস রুখতে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এস এ জিন্নাহ কবির
- প্রকাশ : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৭০ বার পাঠিত

মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারায় এক জনসচেতনতামূলক সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ২৯ নম্বর শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আলোর দিশারী যুব সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোর দিশারী যুব সংঘের সভাপতি আব্দুল খালেক প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আওয়াল (ফজর)-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বক্তব্যে তিনি মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে জোরালো প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। মাদক নির্মূলে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম। এছাড়া ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর এবং বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী মাদকবিরোধী আলোচনায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও প্রেস সোসাইটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আবুল হোসেন এলএল.বি, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং দৌলতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচানো, সামাজিক অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা এবং প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণেই একটি মাদকমুক্ত ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মত প্রকাশ করেন তারা। আলোচনা সভা শেষে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি শোলধারা গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















