নির্বাসন ছেড়ে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারি বিমান
- প্রকাশ : ০৪:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পাঠিত

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
দেশত্যাগের পর শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানোর ঘটনা এটিই প্রথম। বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
সৈয়দ মোজাম্মেল আলীর দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পর থেকেই দেশে সহিংসতার ঘটনা বেড়েছে।
তার এই আহ্বানের বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। তবে গত রোববার রয়টার্সকে সরকারের একজন মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। সেই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।




















