রমিজ উদ্দিন স্মৃতির স্মরণে, পাথালিয়া ইউনিয়নের কুরগাঁওয়ে মাতৃছায়া স্কুলের এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- প্রকাশ : ০৫:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৫ বার পাঠিত

সাভারের পাথালিয়া ইউনিয়নের কুরগাঁওয়ে ৩ নং ওয়ার্ডে অবস্থিত মাতৃছায়া স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রমিজ উদ্দিনের স্মৃতি স্মরণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের নেপথ্যের প্রেরণা অভিভাবকদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।
মাতৃছায়া স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩ নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবাহান ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি সন্তানের এই সাফল্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিভাবকদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকের প্রজন্মকেই দেশের হাল ধরতে হবে। তারা শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

















