মানিকগঞ্জে বালুমহালের সীমানা লঙ্ঘন করে অবৈধ বালু উত্তোলন: ভাঙনের ঝুঁকিতে পদ্মা তীরের জনপদ
- প্রকাশ : ০২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৮৮ বার পাঠিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালুমহালের নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর ফলে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয়দের ফসলি জমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত কার্যকরী আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
গত ১৭ আগস্ট জুলাই যোদ্ধা, মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, লেছড়াগঞ্জ, সুতালড়ী, বয়ড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইজারার শর্ত উপেক্ষা করে ১৬টি ড্রেজার দিয়ে দিনরাত অব্যাহতভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, অপরিকল্পিত এই বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক হাইড্রোলজিক্যাল গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাবে পদ্মার তীরবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে লেছড়াগঞ্জ ও সুতালড়ী এলাকার উল্লেখযোগ্য পরিমাণ আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে চরাঞ্চলের বহু পরিবার চরম অনিশ্চয়তা ও ক্ষতির মুখে পড়েছেন।
লিখিত অভিযোগে অবিলম্বে ইজারাবহির্ভূত এলাকার বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করা, সংশ্লিষ্ট ড্রেজারসমূহ জব্দ করা, বর্তমান ইজারা চুক্তি বাতিল ঘোষণা করা এবং জনসম্পদের ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অন্যদিকে, সুনির্দিষ্ট এই অভিযোগ প্রসঙ্গে লেছড়াগঞ্জ বালুমহালের ইজারাদার মো. বিল্লাল খান সীমানার বাইরে বালু উত্তোলনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ইতিপূর্বেও অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জনবসতি রক্ষায় খুব শীঘ্রই আবারও ভ্রাম্যমাণ আদালতসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

















