ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত
- প্রকাশ : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩৬ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাকের চাপায় মো. মান্নান(৭০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান ধামরাইয়ের দেওবাসা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মান্নান প্রতি সপ্তাহের মতো মাদ্রাসার ছাত্রদের জন্য আশুলিয়ার বাইপাইল বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়েছিলেন। বাজার শেষে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মাদ্রাসায় ফেরার পথে নয়ারহাট ব্রিজের সামনে পৌঁছালে অটোরিকশার একটি চাকা পাংচার হয়ে যায়। এসময় তিনি অটোরিকশা থেকে নেমে রাস্তার এক পাশে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, শিক্ষকতা পেশার পাশাপাশি মাদ্রাসার আনুষঙ্গিক বাজারঘাটের দায়িত্বও তিনি পালন করতেন। আজ সকালে বাজার সেরে ফেরার পথে এই ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ধামরাইয়ের ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।



