মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে দুই মালিককে ১ লাখ টাকা জরিমানা
- প্রকাশ : ০৫:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়েনপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিয়েনপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি পৃথক মামলায় শরিফুল ইসলাম ও আমজাদ হোসেন নামের দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা এবং তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনপদের ক্ষতি করে নিয়ম ভেঙে বালু উত্তোলনের অভিযোগে হাতেনাতে ধরে তাঁদের এই জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।









