দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: যুবসমাজকে উন্নয়নের মূল চালিকাশক্তি করার আহ্বান
- প্রকাশ : ০৮:৫৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৫১ বার পাঠিত

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র্যালির আয়োজন করা হয়।
উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, মানিকগঞ্জ জেলার সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও চকমিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করতে হবে। একটি দক্ষ, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজই পারে একটি সমৃদ্ধ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।









