আশুলিয়ায় অপহরণ ও নির্যাতনের পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, আদালতে মামলা
- প্রকাশ : ০৪:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ৫৩ বার পাঠিত

ঢাকার আশুলিয়ায় সাইফুল ইসলাম মোমিন (মমিন) নামের এক ব্যক্তিকে অপহরণের পর অমানবিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নিহতের স্ত্রী আনিছা খাতুন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় সাইফুলকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাঁকে ফ্যান্টাসি কিংডমের পেছনের একটি বাঁশঝাড়ে নিয়ে বর্বরোচিত নির্যাতন চালানো হয়। এ সময় তাঁর বাম পায়ের গোড়ালির ওপর ছিদ্র করা হয়, বাম হাতের দুটি আঙুলের নখ তুলে ফেলা হয় এবং লোহার রড দিয়ে বেদম মারধর করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের সময় সাইফুলের কাছ থেকে নগদ ৬২ হাজার টাকা, ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো স্মার্টফোন এবং ৩ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৮০ হাজার ৫০০ টাকার মালামাল ও অর্থ লুট করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাইপাইল এলাকার সাহারা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর আঘাতের ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৩ অক্টোবর বুকে ব্যথা অনুভব করলে তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইলে তাঁর মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম) জানান, এ ধরনের কোনো ঘটনা বা থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি। আদালতের মাধ্যমে মামলার বিষয়টি জানার পর তিনি জানান, কোর্ট থেকে তদন্তের জন্য মামলাটি থানায় আসলে পুলিশ আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
















