ইসি সচিবের ব্রিফিং: নতুন ভোটার তালিকার আপডেট জানালো নির্বাচন কমিশন
- প্রকাশ : ১১:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৮ বার পাঠিত

দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, গত ১৪ মে প্রাথমিকভাবে যে হিসাব দেওয়া হয়েছিল, তার তুলনায় নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। আগামীতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে চূড়ান্ত করা এই তালিকা দিয়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময়সূচির বিষয়ে তিনি উল্লেখ করেন, নির্বাচনের সিডিউল বা তপশিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইতিপূর্বেই কথা বলেছেন। সেই অনুযায়ী কাজ চলছে এবং তপশিল চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ভোটকেন্দ্রের সংখ্যা কোন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে তার ওপর নির্ভর করছে বলে জানান তিনি।













