আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশ : ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৯ বার পাঠিত

ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়।
আশুলিয়া থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বাসেদ দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রকিব দেওয়ান রকি, ঢাকা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
এছাড়াও আশুলিয়া থানা, পাথালিয়া ইউনিয়ন বিএনপি এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা ও এর আশপাশের সড়কগুলো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বর্ণাঢ্য এই আয়োজনে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য সমাগম লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন প্রীতি কর্মসূচি ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।









