শিবালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশ : ০৫:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৬০ বার পাঠিত

করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ—এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে সকালে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই র্যালীর নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
সভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষক দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিবালয় উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









