কালিয়ায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল জনসভা সামাজিক প্রতিরোধের ডাক
- প্রকাশ : ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৫৫ বার পাঠিত

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। জনসভায় সভাপতিত্ব করেন কলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
একটি প্রগতিশীল ও বাসযোগ্য সমাজ গঠনে মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদ সবচেয়ে বড় অন্তরায়। এগুলো কেবল ব্যক্তিজীবনকেই ধ্বংস করে না, বরং পুরো সমাজব্যবস্থাকে পঙ্গু করে দেয়। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিস্তার কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। পরিবার ও সমাজ উভয়কেই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করতে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক অবস্থান জরুরি। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে, এলাকার প্রতিটি নাগরিককে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা পালন করে।










