দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ: ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম ভাড়ারিয়া বদলি
- প্রকাশ : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পাঠিত

সাভারের আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মাসুদ করিমের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগের সত্যতা মিলছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। দীর্ঘ সাত কার্যদিবসের তদন্ত শেষে অবশেষে তাকে ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।
গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কতৃপক্ষের আদেশে তাকে এই নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে আসছিলেন স্থানীয়রা ও সেবাগ্রহীতারা। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির মতো চাঞ্চল্যকর ঘটনা। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টিগোচর হয় এবং তা আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ সাত কার্যদিবসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এই প্রশাসনিক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি দপ্তরে অনিয়ম ও জালিয়াতির মতো অপরাধ রোধে এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তবে শুধু বদলি নয়, বরং জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন তারা। অন্যথায় এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তারা অন্য কর্মস্থলে গিয়েও একই অপরাধের পুনরাবৃত্তি করার সুযোগ পাবে।










