সাটুরিয়ায় হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- প্রকাশ : ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পাঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মরহুম সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ মাঠে ঐতিহ্যবাহী পাতিলাপাড়া কুয়াশা মোচন সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনালে হরগজ ফুটবল একাডেমি (সাটুরিয়া, মানিকগঞ্জ) এবং ভাবনহাটি স্পোর্টস জোন (ধামরাই, ঢাকা) দল পরস্পরের মুখোমুখি হয়। এই মেগা-ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ও আশপাশের এলাকার হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়ে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলের জন্য ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর বিশেষ জোর দেন। এ সময় তিনি আয়োজক সংগঠন ‘পাতিলাপাড়া কুয়াশা মোচন সংঘের’ কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ক্লাবের তহবিলে ব্যক্তিগত পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। ক্লাবের পক্ষে উপহারের এই চেক গ্রহণ করেন সাটুরিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাকী।
বরাইদ ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব ফিরোজ আল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এ এফ এম নূরতাজ আলম খান বাহার, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা কৃষকদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে জমজমাট এই ফাইনাল খেলাটি উপভোগ করেন।
















