দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – তারেক রহমানের
- প্রকাশ : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৬৮ বার পাঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
ঐক্যবদ্ধ হলেই দেশের লক্ষ-কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে। সবাইকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে চায়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে দুপুর ১২টা ৩৬ মিনিটে তিনি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেটপ্রুফ বাসে করে পূর্বাচলের অনুষ্ঠানে যান তিনি। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের বড় আকারের প্রতিকৃতি সংযুক্ত ছিল।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে সকাল থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে একই দিন সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বদেশে ফেরার আগে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাসে লেখেন
“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। তার আগে রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা থেকে বের হন তিনি। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

















