ধামরাইয়ে এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদকে তৃণমুলের ‘অবাঞ্ছিত’ ঘোষণা
- প্রকাশ : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৭৩ বার পাঠিত

মঞ্জুর রহমান রাজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ধামরাই উপজেলা এনসিপির তৃণমূলের নেতা-কর্মীরা। মনোনয়ন ঘোষণার আগে তার কোন পরিচিতি না থাকা এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা না থাকা ও স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. ইস্রাফিল খোকন।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইস্রাফিল খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ১ম পর্যায়ে ধামরাই উপজেলা সহ ১২৫ আসনে তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করে। তখন আমরা ঢাকা ২০ ধামরাই উপজেলার এনসিপির মনোনীত প্রার্থীর নাম জানতে পারি ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এই ঘোষণার পূর্ব পর্যন্ত ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টি এবং কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সাথে উক্ত মনোনীত ব্যক্তির কোন ধরণের কোন সম্পৃক্ততা ছিল না এবং ২৪ এর আন্দোলনে ও তাহার কোন ধরণের ভূমিকা ছিল না। প্রার্থী ঘোষণার পরে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলার স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পারি নাবিলা তাসনিদ এর পেছনে রয়েছে পলাতক ফ্যাসিস্ট দের একটি শক্তিশালি চক্র। তিনি চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাতিজি, আরো জানা যায় এই নাবিলা তাসনিদ আওয়ামী এজেন্ট এবং ভারতের র’এর মদদপুষ্ট চক্রের সদস্য। এই নাবিলা তাসনিদ বাংলাদেশের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের জন্য তাকে প্রার্থী করা হয়েছে।
তিনি আরোও বলেন, তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ রয়েছে নাবিলা তাসনিদ ধামরাইয়ের রাজনীতির সাথে কখনও সম্পৃক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি স্থানীয় সংগঠন বা সাধারণ মানুষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের উপেক্ষা করে এমন প্রার্থীকে চাপিয়ে দেওয়া তৃণমূল মেনে নেবে না বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।
খোকন বলেন, এই নাবিলা তাসনিদ পলাতক ফ্যাসিস্টদের অর্থায়নে এনসিপির উপর ভর করে ধামরাইয়ের স্থানীয় রাজনীতিতে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।নাবিলা মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, খোদেজা খানম সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা কমাটি ও কেন্দ্রিয় কমিটির কাছে নাবিলার বিরুদ্ধে আপত্তি জানানো হয়।
তিনি আরোও বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঘটনার পরে কেন্দ্রীয় কমিটি আমাদের কোন স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনা না করে, তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং তথ্য উপেক্ষা করে প্রার্থী হিসেবে নাবিলা তাসনিদ কে বহাল রেখেছে। এবং উপরোক্ত প্রার্থী নিজেই ধামরাই উপজেলার কোন স্তরের নেতাকর্মীদের সাথে কখনো আলোচনা না করে নিজ বাসায় ও অনলাইন নির্ভর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় উপজেলার এনসিপির সকল স্থানীয় নেতাকর্মীগণ নাবিলা তাসনিদ কে ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নিলে আমি ইসরাফিল ইসলাম তাকে ধামরাই উপজেলাতে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ঢাকা-২০ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি রিসিভ করেন ইঞ্জিনিয়ার সুমন নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে পরিচয় দেন। নাবিলা তাসনিদের পক্ষ হতে তিনি বলেন, আমরা এবিষয় নিয়ে এখন কিছু ভাবছি না পরে আপনাদের সাথে এ বিষয়ে কথা বলা হবে।

















