পানিতে ডুবে শিশু সাদ্দামের রহস্যজনক মৃত্যু, আজও অমীমাংসিত
- প্রকাশ : ১২:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ২৬৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের দিলখুশাবাগ এলাকায় পানিতে ডুবে সাদ্দাম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু আজও রহস্যের আড়ালেই রয়ে গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিহত সাদ্দাম হোসেন সাভার দিলখুশাবাগ এলাকার বাসিন্দা মোঃ শফি উল্লাহ সেজুর ছেলে। সে স্থানীয় চাপাইন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে ক্লাস ওয়ানের শেষ পরীক্ষা দেওয়ার পরদিন, ১৯৯৮ সালের ২ জুন সকাল আনুমানিক ৯টায়, আফসার কটন মিলের উত্তর পাশে মাঠে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে যায় সাদ্দাম।
কিছু সময় পার হলেও সাদ্দাম বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বেলা আনুমানিক ১১টার দিকে এলাকার এক শিশু জানায়, সাদ্দামকে পুকুরের পাশে দেখা গিয়েছিল, কিন্তু পরে আর তাকে দেখা যায়নি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে জাল ফেলে তল্লাশি চালান। একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় সাদ্দামকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে অনিক ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সাভার জেনারেল হাসপাতালেও নেওয়া হলে সেখানেও চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তবে পরিবারের দাবি, সুস্থ ও স্বাভাবিক একটি আট বছর বয়সী শিশু কীভাবে এভাবে পুকুরে ডুবে মারা গেল—তা আজও স্পষ্ট নয়। এ ঘটনায় পরিবারের মধ্যে সন্দেহ ও নানা প্রশ্ন রয়ে গেছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাদ্দামের মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা কখনোই সঠিকভাবে তদন্ত করা হয়নি।
ঘটনার দীর্ঘদিন পরেও ন্যায়বিচার না পাওয়ায় বাধ্য হয়ে সাদ্দামের পরিবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি নম্বর: ৭২৩,
তারিখ: ২৫ জুন ২০০০ খ্রিস্টাব্দ।
সাদ্দামের পরিবার আজও আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়ে আসছে। একটি শিশুর এমন করুণ ও রহস্যজনক মৃত্যুর বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

















