ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেসবিহীন লেগুনার দৌরাত্ম্য: মাসিক চাঁদার বিনিময়ে চলছে অবাধে পরিবহন
- প্রকাশ : ০৯:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৭১ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে কালামপুর হয়ে সাটুরিয়া পর্যন্ত প্রতিদিনই অবাধে চলাচল করছে অসংখ্য ফিটনেসবিহীন লেগুনা গাড়ি। স্থানীয়দের অভিযোগ—এই যানবাহনগুলো রাস্তায় চলার অযোগ্য হলেও প্রশাসনের চোখের সামনেই চলছে যাত্রীবাহী এই বিপজ্জনক পরিবহন। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব লেগুনার অধিকাংশের নেই বৈধ ফিটনেস, আর অনেক চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। তবুও মহাসড়কে দাপটের সঙ্গে চলছে এই লেগুনাগুলো। স্থানীয়দের দাবি, এক শ্রেণির প্রভাবশালী মহল মাসিক চাঁদার বিনিময়ে এসব অবৈধ গাড়িকে রাস্তায় চলাচলের সুযোগ দিচ্ছে।
তদন্তে জানা গেছে, “অদৃশ্য শক্তি” নামে পরিচিত এক ব্যক্তি মোঃ খালেক এই চাঁদাবাজ চক্রের মূল হোতা। লেগুনা মালিক ও চালকদের বরাত দিয়ে জানা যায়, প্রতিটি গাড়ি থেকে মাসিক দুই হাজার টাকা করে তোলা হয়। নবীনগর-কালামপুর রুটে চলাচলকারী প্রায় ৪০টি লেগুনা থেকে এই টাকা সংগ্রহ করা হয়। চাঁদার বিনিময়ে চালকদের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ স্টিকার, যার প্রতীক কখনো “বাঘ”, কখনো “শাপলা” — যা থাকলে পুলিশও আর বাধা দেয় না।
একজন চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টাকা না দিলে গাড়ি চলে না ভাই। টাকা দিলেই স্টিকার পাই, আর ওই স্টিকার থাকলে কেউ কিছু বলে না। কালামপুর থেকে খালেক ভাই টাকাটা নেন, তিনিই সব দেখেন।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে নবীনগর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ জুলহাস বলেন, “আমরা ইতিমধ্যে বিষয়টি নজরে এনেছি। মহাসড়কে ফিটনেসবিহীন বা অবৈধভাবে চলাচলকারী কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান চলমান থাকবে যাতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল সুষ্ঠুভাবে হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।”
স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালু হলে এই চাঁদাবাজ চক্র ও ফিটনেসবিহীন লেগুনার দৌরাত্ম্য বন্ধ হবে। তাতে শুধু দুর্ঘটনা কমবে না, যাত্রীদের ভোগান্তিও অনেকটা লাঘব হবে।










