সৈয়দপুর-কিশোরগঞ্জে দাঁড়িপাল্লার বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত
- প্রকাশ : ১০:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৯ বার পাঠিত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী-৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা মার্কার বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ব্যাপক জনসমাগম ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় কিশোরগঞ্জে ও রাত ৮ টায় এই নির্বাচনী আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ১১ দল সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
কিশোরগঞ্জ স্টেডিয়ামে জনসভা শেষে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নেয়। অন্যদিকে সৈয়দপুর রেলওয়ে মাঠে আয়োজন করা হয় সর্বশেষ নির্বাচনী জনসভার। এতে বক্তব্য রাখেন চব্বিশের শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাইম তাজওয়ার। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান। উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় নেতৃবৃন্দ।
জনসভার মাঝে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার রেলওয়ে মাঠে আসে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সৈয়দপুরের মিছিলে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেয়। জনসভায় ইসলামি সঙ্গীত ও নির্বাচনী গান পরিবেশন করে সৈয়দপুর সাহিত্য সংস্কৃতি সংসদ (সৈসাস) এর শিল্পীরা।
উভয় জনসভায় বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, নতুন বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফ ও বৈষম্যহীন সমাজ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এজন্য দাঁড়িপাল্লায় ও হ্যাঁ তে ভোট দিতে হবে। আমরা সৈয়দপুর ও কিশোরগঞ্জকে সার্বিকভাবে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো। আমরা ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো।










