মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, আহত ১
- প্রকাশ : ০৩:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ৮১ বার পাঠিত
স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এক শিশুকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আতিকা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয়রা নাঈম নামে এক যুবককে আটক করে।
গণপিটুনির ঘটনা আটক নাঈমকে ছাড়িয়ে নিতে তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা নাঈমের স্বজনদের ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের বাবা পান্নু মিয়া এবং চাচা ফজলু মিয়া (ফারুক) নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। হতাহত সবার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশের বক্তব্য এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, শিশু আতিকার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জোড়া খুনের ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা শিশু আতিকা হত্যার সুষ্ঠু তদন্ত এবং গণপিটুনির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



