সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৪ হাজার হজযাত্রী: ভোগান্তি ছাপিয়ে স্বস্তি আশকোনা ক্যাম্পে
- প্রকাশ : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৬২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১১টি ফ্লাইটে ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২১১ জন।
হজ যাত্রার দ্বিতীয় দিন আজ রোববার (১৯ এপ্রিল) আরও ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, আজ সারাদিনে মোট ১৪টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।
সকাল থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম হজ ক্যাম্পেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের বিমানবন্দরে গিয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা এ বছরের হজ ব্যবস্থাপনায় একটি বড় অর্জন।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় বেশিরভাগ হজযাত্রী সন্তোষ প্রকাশ করলেও কিছু অস্বস্তির চিত্রও ফুটে উঠেছে। বিশেষ করে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ ছাড়া ডরমিটরিতে মশার উপদ্রব এবং ছাড়পোকার উপদ্রব নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বেশ কয়েকজন যাত্রী।
হজ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের এসব অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মশা নিধন ও ডরমিটরির পরিবেশ উন্নত করাসহ খাবারের মান নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেন বাকি দিনগুলোতে হজযাত্রীরা নির্বিঘ্নে তাঁদের যাত্রা সম্পন্ন করতে পারেন।
















